নাফতালি বেনেট- ইয়াইর লাপিদ-newsedge24

ইসরাইলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ একজোট হয়েছেন। রোববার তারা ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এক যৌথ টেলিভিশন ভাষণে বেনেট জানান, তিনি ও লাপিদ একসঙ্গে ‘বেয়াহাদ (একসঙ্গে)’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন। তিনি বলেন, এই উদ্যোগ দেশের জন্য “সবচেয়ে জায়নিস্ট ও দেশপ্রেমিক পদক্ষেপ” এবং এটি বড় বিজয় অর্জনের মাধ্যমে নতুন যুগের সূচনা করবে।

লাপিদ বলেন, আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও বেনেট একজন সৎ রাজনীতিক এবং তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস রয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই জোট “রিপেয়ার ব্লক”-এর ঐক্য গড়ে তুলবে এবং ইসরাইলকে প্রয়োজনীয় পরিবর্তনের পথে এগিয়ে নেবে।

বেনেট আরও বলেন, নির্বাচিত হলে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগের নিরাপত্তা ব্যর্থতাগুলো তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করবেন—যা বর্তমান নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, ওই হামলার পর থেকে নেতানিয়াহুর ভূমিকার কড়া সমালোচক বেনেট ও লাপিদ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনমত জরিপে বেনেটকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাচ্ছে। এদিকে বেনেট কেন্দ্রপন্থী ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকট-কে এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ডানপন্থী রাজনীতিক বেনেট পশ্চিম তীরের বসতি স্থাপনের দীর্ঘদিনের সমর্থক। তিনি ২০২১ সালে লাপিদের সঙ্গে জোট সরকার গঠন করেছিলেন, যা ২০২২ সালের শেষদিকে ভেঙে যায়। এরপর লাপিদ স্বল্প সময়ের জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, লাপিদ ২০১২ সালে ‘ইয়েশ আতিদ’ দল গঠন করে রাজনীতিতে প্রবেশ করেন এবং বর্তমানে এটি ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। তিনি একসময় জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক ছিলেন।

উল্লেখ্য, আসন্ন সাধারণ নির্বাচনে নেতানিয়াহু তার দল লিকুদ-এর নেতৃত্ব দেবেন। ৭৬ বছর বয়সী এই নেতা একাধিক মেয়াদে ১৮ বছরের বেশি সময় ক্ষমতায় থেকে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *