রিয়ার অ্যাডমিরাল-শাহরাম ইরানি-newsedge24

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, ইরান খুব শিগগিরই এমন একটি অস্ত্র শত্রুদের মুখোমুখি করবে, যা তাদের গভীরভাবে ভয় দেখাবে এবং এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। গতকাল বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, “এই অস্ত্র তাদের একেবারে কাছেই রয়েছে। আশা করি, তারা এটি দেখে হার্ট অ্যাটাক করবে না।”

তিনি আরও বলেন, “শত্রুরা ভুল ধারণা করেছিল যে, ইরানের বিরুদ্ধে তাদের উসকানিহীন আগ্রাসনের মাধ্যমে তারা খুব অল্প সময়েই কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে। এখন সেই ধারণা সামরিক একাডেমিগুলোতে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

কমান্ডার শাহরাম ইরানি দাবি করেন, মার্কিন বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’-এর বিরুদ্ধে ইরানের নৌবাহিনী অন্তত ৭টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরি থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারেনি।

তিনি বলেন, আগ্রাসনের জবাবে ইরান পশ্চিম এশিয়ার বিভিন্ন সংবেদনশীল মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত ১০০ দফা দৃঢ় ও সফল পাল্টা আঘাত হেনেছে।

আরও পড়ুন:এআই ছবি পোস্ট করে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

অ্যাডমিরাল ইরানি বলেন, ইরান আরব সাগরের দিক থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। “তারা যদি আরও কাছাকাছি আসে, তাহলে আমরা কোনো বিলম্ব ছাড়াই অপারেশনাল পদক্ষেপ নেব।”

তিনি মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানি জাহাজ জব্দ করার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি শুধু জলদস্যুতা নয়, এটি জিম্মি করার শামিল। আমেরিকানরা সোমালিয়ার জলদস্যুদের চেয়েও খারাপ, কারণ তারা নৃশংসতার সঙ্গে জিম্মি করাকেও যুক্ত করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *