ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের দেশটিতে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাংবাদিক সরাসরি জিজ্ঞাসা করেন, ইরান কি আবার জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশাধিকার দেবে? জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করেন, এখন থেকে ইরান এ অনুমতি দেবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শকদের ওপর আগের বিধিনিষেধ তুলে নেওয়া হবে কি না এবং তারা এখনই প্রবেশ করতে পারবেন কি না—এ প্রশ্নের জবাবেও তিনি একই অবস্থান বজায় রাখেন। তিনি বলেন, পরিদর্শকেরা যদি ইরানে এসে পরিদর্শন করতে চান, তাহলে চলমান আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমঝোতা ও চুক্তিতে পৌঁছানো সম্ভব।
পেজেশকিয়ান আরও বলেন, “তারা যদি আসতে ও পরিদর্শন করতে চান, তাহলে আলোচনার মধ্য দিয়ে আমরা এ নির্দিষ্ট বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারি।”
বিশেষজ্ঞদের মতে, আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক নজরদারির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































