রণধীর জয়সোয়াল-newsedge24

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার (১০ এপ্রিল) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিলে সৈন্য প্রেরণকারী দেশ এবং লেবাননের শান্তি-নিরাপত্তায় আগ্রহী হিসেবে ভারত এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক মনে করছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং সব রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা সম্মান করা অপরিহার্য।

এদিকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলের ওপর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশ।

আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার বিশেষ দূত উমর হাদির নেতৃত্বে দেশগুলোর রাষ্ট্রদূতরা যৌথ বিবৃতিতে এ হামলার প্রতিবাদ জানান। সম্প্রতি তিনজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে এই যৌথ বিবৃতি দেওয়া হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক হামলায় ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, নেপাল ও পোল্যান্ডের শান্তিরক্ষীরা আহত হয়েছেন। দেশগুলো লেবাননের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যু, অবকাঠামোর ব্যাপক ধ্বংস এবং ১০ লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতির ঘটনা তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ

জাতিসংঘের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, গত ২৯ মার্চ একজন শান্তিরক্ষী ট্যাঙ্কের গোলায় এবং ৩০ মার্চ বিস্ফোরক ডিভাইসের আঘাতে আরও দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো জোর দিয়ে বলেছে, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা সব পক্ষকে অবিলম্বে সহিংসতা বন্ধ করে লেবাননে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *