ঘূর্ণিঝড় ‘অর্ণব’-010260-NewsEdge24

ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আগামীকাল বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আগে আরও শক্তিশালী হতে পারে এই ঝড়। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ইতোমধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলা এবং ওড়িশার দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ঝুঁকি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশে প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। মাছ ধরার নৌকাগুলোকে দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

ওড়িশা সরকার আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার পাঁচটি জেলার স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দুই রাজ্যেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ মঙ্গলবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে আজ মঙ্গলবার ভোরে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ‘অর্ণব’। এ কারণে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *