জঙ্গল সলিমপুর-newsedge24

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সোমবার সকাল ৬টা থেকে যৌথ বাহিনীর ব্যাপক অভিযান শুরু হয়েছে। র‌্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রায় চার হাজার সদস্য এই অভিযানে অংশ নিচ্ছেন। গত ১৯ জানুয়ারি এই এলাকায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। তার মৃত্যুর পর এলাকাটি নতুন করে আলোচনায় আসে এবং সমন্বিত অভিযানের পরিকল্পনা সামনে আসে। জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগে অভিযান চালানো সম্ভব হয়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) মো. রাসেল গণমাধ্যমকে বলেন, “যৌথ বাহিনীর চার হাজার সদস্য অভিযানে অংশ নিচ্ছেন। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে।” অভিযানের লক্ষ্য জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থানরত সশস্ত্র গোষ্ঠী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূল করা। এলাকাটি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র চোরাচালান, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের আড়াল হিসেবে পরিচিত।

মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করে র‌্যাব। মামলায় মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ জনকে। এই মামলার তদন্তের অংশ হিসেবে এলাকায় অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। নির্বাচনের পর এখন সমন্বিত অভিযান শুরু হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযান শুরুর পর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সীতাকুণ্ড-ফৌজদারহাট সড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। জঙ্গলের ভেতরে হেলিকপ্টার থেকে নজরদারি চালানো হচ্ছে। অভিযানে অংশ নেওয়া বাহিনীগুলো বিশেষায়িত ড্রোন ও স্নাইপার টিম ব্যবহার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *