কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ উড্ডয়নের পরপরই একটি চাকা খুলে পড়ার ঘটনা ঘটেছে। তবে পাইলটের দক্ষতায় বিমানটি একটি চাকা ছাড়াই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটে থাকা ৬৯ জন যাত্রী ও ক্রু সকলেই নিরাপদ রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, শুক্রবার (১৬ মে) বেলা আড়াইটার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে। তিনি বলেন, “একটি চাকা ছাড়াই রানওয়েতে অবতরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ সম্পূর্ণ নিরাপদ।”
বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াও উড়োজাহাজ নিরাপদে অবতরণ করানো সম্ভব। এ ক্ষেত্রে পাইলটের দক্ষতা ও প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমানবন্দরে জরুরি সেবা ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছিল।
এ ঘটনায় কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে পরিদর্শন করা হয়। বিমান কর্তৃপক্ষ জানায়, চাকা খুলে পড়ার কারণ তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টেকঅফের সময় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, এ ধরনের পরিস্থিতিতে পাইলটের দক্ষতা ও শান্ত মনোভাব গুরুত্বপূর্ণ। বিজি-৪৩৬ ফ্লাইটের পাইলট এই জটিল পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। বিমানবন্দরে জরুরি সেবা টিম প্রস্তুত ছিল, এবং অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামানো হয়। বাংলাদেশ বিমানের মুখপাত্র মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় বিমানের কারিগরি ত্রুটি বা রক্ষণাবেক্ষণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































