গভীর নলকূপে পড়ে মৃত্যুর ৩২ ঘণ্টা পর উদ্ধার হওয়া দুই বছরের শিশু সাজিদের জানাজায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
মসজিদের মাইকে বারবার ঘোষণা—‘কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে।’ এই ঘোষণা শুনে থেমে যায় গ্রামের সব কাজকর্ম। কেউ মাঠে যাননি, বাজারে দোকান খোলেনি। পাঞ্জাবি-টুপি পরে হাজারো মানুষ ছুটে আসেন সাজিদের বাড়ির দিকে। সবাই একবার দেখতে চান সেই নিষ্পাপ মুখ, যে মুখে প্রতিদিন হাসি খেলতো, আজ নিথর।
জানাজার মাঠে মানুষের ঢল নামে সকাল থেকেই। বৃদ্ধ থেকে স্কুলছাত্র—সবার চোখে অশ্রু। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি যখন আনা হয়, তখন কান্নার রোল পড়ে যায় চারপাশে। সাজিদের মা বারবার ছুটে আসতে চান, আহাজারি করেন। লোকজন ধরে রাখলেও কান্না থামানো যায়নি।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে খেলতে গিয়ে গভীর নলকূপে পড়ে যায় সাজিদ। ৩২ ঘণ্টা উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার রাত ৯টায় ৪০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। রাত সাড়ে ১১টায় মরদেহ বাড়ি পৌঁছালে শোকের মাতম ছড়িয়ে পড়ে।
গ্রামবাসী বলছেন, “সাজিদের হাসি আর ফিরবে না। এই শোক কাটিয়ে উঠতে অনেক দিন লাগবে।” শিশু সাজিদের আত্মার মাগফিরাত কামনা করছেন সবাই।





























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































