সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রকাশ্য হুমকি সত্ত্বেও রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে ভারত। জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় নয়াদিল্লি তার দীর্ঘমেয়াদি তেল সরবরাহ চুক্তি বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি তেল সরবরাহ চুক্তি রয়েছে, যা রাতারাতি বাতিল করা সম্ভব নয়। ট্রাম্পের হুমকির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জ্বালানির উৎস বেছে নেওয়া হয় বৈশ্বিক বাজার পরিস্থিতি ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। ভারতের পররাষ্ট্রনীতি স্বাধীন এবং তা অন্য কোনো দেশের হস্তক্ষেপে নির্ধারিত হয় না।”
ট্রাম্প সম্প্রতি দাবি করেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে, তবে তিনি নিজেই এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন বলে ইঙ্গিত দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতের রপ্তানি পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এমনকি তিনি ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলেও মন্তব্য করেন।
ভারতীয় কর্মকর্তারা এসব মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, রাশিয়া থেকে তেল আমদানি বৈধভাবে এবং জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মূল্যসীমার আওতায় হচ্ছে। বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ, যা মোট আমদানির প্রায় ৩৫ শতাংশ। এই নির্ভরতা হঠাৎ কমানো সম্ভব নয়।
আরও পড়ুন: ট্রাম্পের ২৫% শুল্ক ঘোষণা: প্রতিক্রিয়া জানালো ভারত
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও তেল রফতানিতে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। ভারতীয় কর্মকর্তারা জানান, তারা জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মূল্যসীমা মেনে চলছে।
এদিকে, ট্রাম্পের হুমকির জবাবে রাশিয়া কৌশলগত প্রতিক্রিয়া দেখিয়েছে। মস্কো জানিয়েছে, তারা চাইলে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করতে পারে, যা বৈশ্বিক জ্বালানি চাহিদার প্রায় ৩.৫ শতাংশ সরবরাহ করে। বিশ্লেষকরা মনে করেন, এই সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি পশ্চিমা দেশগুলো জ্বালানি সংকটে পড়তে পারে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































