পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের বাংলা ভাষাকে ‘বাংলাদেশের ভাষা’ হিসেবে উল্লেখ করার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার (৩ আগস্ট) তিনি এই ঘটনাকে ‘অপমানজনক, দেশবিরোধী ও অসাংবিধানিক’ বলে আখ্যা দিয়েছেন। খবর এনডিটিভির।
বিতর্কের সূত্রপাত হয় দিল্লি পুলিশের একটি চিঠিকে কেন্দ্র করে, যা দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জকে পাঠানো হয়েছে। চিঠিটি ‘ফরেনার্স অ্যাক্ট’-এর আওতায় একটি মামলার তদন্তের প্রসঙ্গে লেখা হয়েছে বলে জানা গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে বর্ণনা করেছে। এটি বাঙালিদের চরম অপমান। বাংলা শুধু আমার মাতৃভাষা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা। ভারতীয় জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’—দুটিই বাংলা ভাষায় লেখা। কোটি কোটি ভারতীয় এই ভাষায় কথা বলেন ও লেখেন। ভারতীয় সংবিধান যে ভাষাকে স্বীকৃতি দিয়েছে, তাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে!”
আরও পড়ুন: মমতা ফাঁস করলেন আওয়ামী লীগ নেতাদের কলকাতায় উপস্থিতি
তিনি আরও বলেন, “এই ভাষা ব্যবহার করে দেশের সব বাংলা ভাষাভাষীদের অপমান করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
তৃণমূল কংগ্রেস দলও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে অভিযোগ করেছে যে, দিল্লির একটি মামলায় আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের পর পুলিশ বঙ্গভবনে চিঠি পাঠিয়ে ‘বাংলাদেশি জাতীয় ভাষা’র জন্য অনুবাদক চেয়েছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































