পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত রাখার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি পানি চুক্তি স্থগিত অব্যাহত রাখে, তাহলে পাকিস্তানের সামনে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প থাকবে না।
২২ এপ্রিল পেহেলগাম হামলার পর ভারত কয়েক দশকের পুরোনো সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এবং একই সঙ্গে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। এর ফলে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কয়েক কোটি মানুষ পানি সংকটে ভুগছে। এতে কৃষিকাজসহ বিভিন্ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।
সোমবার সিন্ধু সরকারের সাংস্কৃতিক বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে বিলাওয়াল বলেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের কর্মকাণ্ড পাকিস্তানের মারাত্মক ক্ষতি করছে। আমাদের এখন নরেন্দ্র মোদি ও তাদের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, “যদি ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত রাখে, তাহলে পাকিস্তানের সামনে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প থাকবে না। আমরা ছয়টি নদী ফিরিয়ে আনার জন্য যথেষ্ট শক্তিশালী।” তিনি পাকিস্তানের সব প্রদেশের মানুষকে লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা মাথা নত করি না।”
আরও পড়ুন: ভারতের দাবি উড়িয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
এর আগের দিন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেন, “যদি আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তাহলে আমরা বিশ্বের অর্ধেক নিয়ে ডুবব।” তিনি সিন্ধু নদীতে ভারতের অবকাঠামো নির্মাণের মাধ্যমে পানি প্রবাহ বাধাগ্রস্ত করার বিরুদ্ধে ধ্বংসাত্মক পদক্ষেপের হুমকি দেন। তিনি দাবি করেন, পানি চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানে ২৫ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































