যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার মাদক চক্রগুলোর বিরুদ্ধে হামলার পরিকল্পনা বিবেচনা করছেন বলে জানা গেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এমন খবরের মধ্যে আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র যেকোনো সময় ভেনেজুয়েলায় সামরিক হামলা চালাতে পারে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদক চক্রগুলোর ওপর লক্ষ্য করে এই হামলা পরিচালিত হবে। মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে কমপক্ষে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানো হচ্ছে, যা মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে ব্যবহৃত হবে। এই চক্রগুলোকে যুক্তরাষ্ট্র ‘নার্কো-জঙ্গি’ হিসেবে তকমা দিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মার্কিন সরকার জোরপূর্বক তাঁর সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, “আমি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি। সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করতে হবে।” তিনি আরও বলেন, “আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী।”
অন্যদিকে, ট্রাম্প স্পষ্ট করেছেন যে তাঁরা ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের কথা বলছেন না। তবে তিনি দেশটির গত জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনকে ‘অদ্ভুত’ উল্লেখ করে বলেন, “আমরা সেই নির্বাচন নিয়ে কথা বলছি।” বিতর্কিত এই নির্বাচনে জয়ী হয়ে নিকোলাস মাদুরো পুনরায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন, যদিও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনের বৈধতা স্বীকার করেনি।
আরও পড়ুন: ভেনিজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ
এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে একটি মাদকবাহী নৌকার ওপর হামলা চালায়, যাতে ১১ জন নিহত হন। ট্রাম্প দাবি করেন, নৌকাটি ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্যদের দ্বারা পরিচালিত হচ্ছিল, যাকে তাঁর প্রশাসন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
এই সামরিক পদক্ষেপ এবং পুয়ের্তো রিকোতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। মাদুরো এই পদক্ষেপকে ‘সাম্রাজ্যবাদী হুমকি’ হিসেবে অভিহিত করে দেশের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































