রিও ডি জেনেরোর কপাকাবানা সৈকত থেকে সাও পাওলোর অ্যাভেনিডা পলিস্তা পর্যন্ত, ব্রাজিলের রাস্তাগুলো ‘সেম আনিস্টিয়া’ (কোনো ক্ষমা নয়) স্লোগানে মুখরিত হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর সম্ভাব্য ক্ষমা বিলের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে নেমেছেন। ২০২৩ সালের অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই ডানপন্থী নেতার ক্ষমার প্রস্তাব ঠেকাতে দেশের ২৬টি রাজ্য ও ফেডারেল জেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রয়টার্স এবং সিবিএস নিউজ জানাচ্ছে, এই বিক্ষোভ ব্রাজিলের গণতান্ত্রিক আন্দোলনের একটি শক্তিশালী প্রকাশ।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে বোলসোনারো অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন। এর মধ্যে ছিল লুলা, ভাইস প্রেসিডেন্ট জেরালদো আলকমিন এবং সুপ্রিম কোর্টের এক বিচারককে হত্যার ষড়যন্ত্র। এই অভিযোগে সুপ্রিম কোর্ট তাকে এ মাসের শুরুতে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেন। বর্তমানে গৃহবন্দি বোলসোনারোর সমর্থকরা ক্ষমা বিলের মাধ্যমে তাকে রক্ষার চেষ্টা করছেন। বিক্ষোভকারীরা ডানপন্থী নিয়ন্ত্রিত নিম্নকক্ষ সংসদের ‘শিল্ডিং প্রজেক্ট’ এবং ‘ডাকাত আইন’ (ক্ষমা বিল) পাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, যা সমালোচকদের মতে অপরাধী পার্লামেন্ট সদস্যদের রক্ষা করবে।
বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কায়েতানো ভেলোসো, শিকো বুয়ার্কে এবং জিলবার্তো জিল, যারা অতীতে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন। কপাকাবানা সৈকতে ভেলোসো বলেন, “জনগণ লুলাকে নির্বাচিত করেছে, গণতন্ত্র এখনো জীবিত।”
সালভাদরে অভিনেতা ওয়াগনার মৌরা (নেটফ্লিক্সের ‘নারকোস’ খ্যাত) বলেন, “গণতন্ত্র দীর্ঘজীবী হোক! ব্রাজিল দীর্ঘজীবী হোক!” বেলো হরিজন্তে গায়িকা ফারনান্দা তাকাই বলেন, “আমরা না দাঁড়ালে রাজনীতিবিদরা জবাবদিহি এড়িয়ে যাবে।” বিক্ষোভে ডোনাল্ড ট্রাম্প ও বোলসোনারোর প্রতিকৃতি সম্বলিত দুটি বিশাল বেলুন ভাসানো হয়। সাও পাওলোতে ৪০ হাজারের বেশি মানুষ জাতীয় পতাকা উড়িয়ে সমাবেশ করেছেন।
আরও পড়ুন: গাজায় ছয় ইসরায়েলি সৈন্য নিহত: হামাসের হুঁশিয়ারি
ব্রাসিলিয়ার কংগ্রেস ও সুপ্রিম কোর্ট ভবনের সামনে হাজারো মানুষ সমবেত হয়েছেন। বার্লিন, লিসবন এবং লন্ডনে প্রবাসী ব্রাজিলিয়ানরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। প্রেসিডেন্ট লুলা ক্ষমা বিল ভেটো দেওয়ার ঘোষণা দিয়েছেন, তবে সেনেটে এই বিলগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। ডেটাফলহা জরিপে ৫০ শতাংশ মানুষ বলেছেন, বোলসোনারোর জেলে থাকা উচিত।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































