গাজায় ত্রাণবাহী সমুদ্র ফ্লোটিলায় ইসরাইলি বাহিনীর হামলা এবং ত্রাণকর্মীদের আটকের ঘটনায় বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় উঠেছে। বিশ্বনেতারা এই ঘটনাকে ‘ভয়ভীতি প্রদর্শন ও জবরদস্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ উঠেছে, এবং একাধিক দেশ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। কলম্বিয়া ইসরাইলের পুরো কূটনৈতিক মিশনকে বহিষ্কার করেছে এবং তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করেছে।
ইসরাইলি বাহিনী ফ্লোটিলার ১৩টি জাহাজ আটক করেছে, যেগুলো ৫,৫০০ টন মানবিক সহায়তা বহন করছিল। ফ্লোটিলা মুখপাত্র সাইফ আবু কাশেক জানান, আটক জাহাজগুলোতে প্রায় ১২ জন মালয়েশিয়ান নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক্সে লিখেছেন, “ইসরাইল একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ফিলিস্তিনি জনগণের অধিকার ও বিশ্বের বিবেককে অবমাননা করেছে। ফ্লোটিলা সংহতি ও অবরুদ্ধ মানুষের মুক্তির প্রতীক।” তিনি জানান, মালয়েশিয়া সব আইনি উপায়ে ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনবে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে বিক্ষোভ হয়েছে। আটক জাহাজ ‘আদারা’তে রয়েছেন বুয়েনস আয়ারসের নবনির্বাচিত আইনপ্রণেতা সেলেস্ট ফিয়েরো। বিক্ষোভকারী সের্হিও গার্সিয়া বলেন, “আমাদের সহযোদ্ধারা কঠিন পরিস্থিতিতে আছেন। আমরা দাবি করছি সেলে দ্রুত ফিরে আসুন।” আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, “এটি একটি শান্তিপূর্ণ মিশন ছিল। ফ্লোটিলার সদস্যদের সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে আচরণ করতে হবে।” ফরাসি ইইউ পার্লামেন্ট সদস্য এমা ফোরো বলেন, “ইসরাইলকে অবরুদ্ধ করো, গাজায় গণহত্যা থামাও!”
আরও পড়ুন: ট্রাম্পের গাজায় শান্তি প্রস্তাবে পাকিস্তানের সমর্থন
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমায় শান্তিপূর্ণ জাহাজে হামলা নেতানিয়াহুর গণহত্যামূলক নীতির প্রমাণ। তারা আটক তুর্কি নাগরিকদের মুক্তির জন্য ব্যবস্থা নেবে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, “মানবিক সহায়তায় অবরোধ গণহত্যার আরেক রূপ। জায়নিস্ট শাসন অনাহারে মানুষকে ধ্বংস করছে।” মালয়েশিয়া, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, তুরস্ক, ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশ কড়া নিন্দা জানিয়েছে। ইতালিতে শুক্রবার হরতাল ডাকা হয়েছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































