যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার ওপর আরোপিত শুল্ক ২৫ শতাংশে বাড়ানোর হুমকি দিয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মূলত দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত একটি বাণিজ্য চুক্তির শর্ত দ্রুত অনুমোদন না করায় এই ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত মানছে না। প্রেসিডেন্ট লি এবং আমি ২০২৫ সালের ৩০ জুলাই উভয় দেশের জন্য একটি দারুণ চুক্তিতে পৌঁছাই। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ অক্টোবর আমি কোরিয়ায় থাকাকালীন আমরা আবারও এসব শর্ত নিশ্চিত করি। তাহলে কোরিয়ার আইনসভা এটি অনুমোদন করেনি কেন?”
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর দুই দেশ বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হয়। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত যানবাহন, গাড়ির যন্ত্রাংশ, ওষুধসহ অন্যান্য পণ্যের ওপর আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছিল।
বিনিময়ে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের কয়েকটি কৌশলগত খাতে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, জাহাজ নির্মাণ এবং বায়োটেকনোলজি খাতে মোট ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ।
ট্রাম্পের অভিযোগ, দক্ষিণ কোরিয়ার আইনসভা (ন্যাশনাল অ্যাসেম্বলি) এই চুক্তির অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব করছে এবং শর্ত পালন করছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অবস্থা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক পুনরায় ২৫ শতাংশে উন্নীত করবে।
আরও পড়ুন: কানাডাকে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
এই হুমকি দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ এবং দ্রুত চুক্তি বাস্তবায়নের চাপ সৃষ্টির কৌশল। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এখনো এই হুমকির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































