ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় পাকিস্তান সরকার সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্তে আগত যাত্রীদের স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দিয়েছে।
আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিপাহ ভাইরাস ফলখেকো বড় আকারের বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এ কারণে পাকিস্তানে আগত সব যাত্রী এবং ট্রানজিট যাত্রীদের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্তে স্ক্রিনিং করা হবে।
কোনো যাত্রীর মধ্যে সন্দেহজনক উপসর্গ (যেমন: জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট, সচেতনতা হ্রাস) দেখা গেলে তাকে তাৎক্ষণিক আইসোলেশনে নেওয়া হবে। তবে এখন পর্যন্ত পাকিস্তানে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।
মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ৫ জন আক্রান্তের ঘটনা রিপোর্ট হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে (এনআইএইচ) নিপাহ ভাইরাস শনাক্তের প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক ২৫ শতাংশে বাড়ানোর হুমকি ট্রাম্পের
নিপাহ ভাইরাস ফলখেকো বাদুড় (ফ্রুট ব্যাট) থেকে মানুষের মধ্যে ছড়ায়। এটি সরাসরি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে বা দূষিত খাবার (যেমন: খেজুরের কাঁচা রস) খাওয়ার মাধ্যমেও ছড়াতে পারে। প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি, গলা ব্যথা। গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কপ্রদাহ (এনসেফালাইটিস), খিঁচুনি, কোমা ও মৃত্যু হতে পারে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































