ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

পশ্চিমা গণমাধ্যমে আত্মগোপনের খবর ছড়ানোর মাঝেই প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ইরানের ওপর হামলা হলে তার পরিণতি হবে আঞ্চলিক যুদ্ধ। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েন প্রসঙ্গে খামেনি বলেন, “এই ভদ্রলোক (মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প) ক্রমাগত দাবি করে যে তারা যুদ্ধজাহাজ এনেছে। কিন্তু ইরানি জাতি এইসব জিনিসে ভীত হয় না। তারা এই হুমকিতে বিচলিত নয়। ন্যায্য সংঘর্ষে তারা ভয় পায় না। আমরা সংঘাতের সূচনাকারী নই। তবে, আমাদের কেউ আক্রমণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আঘাত হানবে।”

তিনি আরও বলেন, “ইরানে মার্কিন হামলার ফল এবার বয়ে আনবে মারাত্মক পরিণতি। মার্কিনীদের জেনে রাখা উচিত। যদি তারা যুদ্ধ শুরু করে তাহলে এইবার সেটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে।”

চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি। তবে এই আলোচনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে ইরান

গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। পারস্য উপসাগরে একাধিক রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে এগুলোকে ‘উসকানিমূলক’ বলে বর্ণনা করা হয়েছে। একই সময়ে পশ্চিমা গণমাধ্যমে খামেনির আত্মগোপনের খবর ছড়িয়ে পড়লেও আজ তিনি প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দেন।

এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *