শুক্রবার ভোররাতে ইসরাইল ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার জবাবে ইরান পাল্টা ড্রোন হামলা শুরু করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, হামলা অব্যাহত থাকবে এবং আরও তীব্র হবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, পারমাণবিক চুক্তিতে রাজি না হলে ইরানকে আরও ভয়াবহ সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “ইরানকে একের পর এক সুযোগ দিয়েছি, কিন্তু তারা চুক্তিতে রাজি হতে ব্যর্থ হয়েছে। তাদের জানা উচিত, এখনও সময় আছে, তবে আরও ধ্বংসের আগে চুক্তি করতে হবে।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্প ইরানকে চাপে রেখে পারমাণবিক চুক্তিতে রাজি করাতে কাজ করছেন। তিনি ইসরাইলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে মার্কিন সামরিক বাহিনী সরাসরি ইসরাইলের সঙ্গে যোগ দেবে কিনা, তা স্পষ্ট করেননি। ট্রাম্পের ভাষায়, “ইসরাইলের কাছে অনেক অস্ত্র আছে, তারা জানে এগুলো কীভাবে ব্যবহার করতে হয়।”
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা এবং ইসরাইলের হামলার ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার পর্যন্ত বেড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, কিন্তু গাজা, ইউক্রেন, এবং এখন ইরানে চলমান সংঘাতে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































