রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা-newsedge24

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানিয়েছে। হামলার পর কূটনৈতিক কমপ্লেক্সে সীমিত পরিসরে আগুন লাগে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। একই সময়ে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতেও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় চালানো হামলায় দূতাবাস প্রাঙ্গণে সামান্য ভৌত ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার সময় দূতাবাস ভবনটি খালি ছিল এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দূতাবাসে আগুনের শিখা দেখা যায়। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে ফরাসি বার্তা সংস্থাকে জানায়, রিয়াদের কূটনৈতিক এলাকায় লক্ষ্য করে ছোড়া চারটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ভোরে নৌবাহিনী পরিচালিত হামলায় ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের দাবি, এতে ঘাঁটির প্রধান কমান্ড কেন্দ্র ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম নিউজ নেশনকে জানান, দূতাবাসে হামলা এবং কয়েকজন মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনার জবাব খুব শিগগিরই স্পষ্ট করা হবে। তিনি বলেন, “খুব শিগগিরই জানতে পারবেন।”

এই হামলাগুলো গত শনিবার থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *