বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে তিনি এ বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি।
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ থেকে মন্তব্য করা হয়েছে যে আমন্ত্রণপত্রে তার পদবি ‘প্রধানমন্ত্রী’ ব্যবহার না করে ‘বিমসটেকের চেয়ার’ সম্বোধন করা হয়েছে এবং এটাকে অপমানজনক মনে করা হচ্ছে। আমন্ত্রণটি আসলে কেমন ছিল, সে বিষয়ে স্পষ্ট করতে বলা হয়।
এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে রণধীর জয়সোয়াল বলেন, ‘ব্রিকসের আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা ব্রিকস সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ এবং কারিগরি বিষয়ে আমরা পরে আপনাদের হালনাগাদ তথ্য দেব।’
ব্রিফিংয়ে আরেক সাংবাদিক ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের চলমান বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান, মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যকলাপ সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন কি না, কারণ তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূতও।
এ প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের দেয়া উচিত। কারণ, এটি ওই দুই দেশের বিষয়।’
এরপর অন্য এক সাংবাদিক ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে জানতে চান। তিনি প্রশ্ন করেন, শুক্রবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়েছে এবং সেখানে কী আলোচনা হয়েছে।
এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত এবং হাইকমিশনারের সাক্ষাতের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে আমি কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের জানাব।’













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































