নেহা বোরা-010-NewsEdge24

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা।

গতকাল বুধবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশের ছাত্র সংগঠনটির প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। এ সময় বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন থেকে ভারতের তরুণেরা শিক্ষা ও অনুপ্রেরণা নিচ্ছেন বলেও উল্লেখ করেন নেহা।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা আপনাদের প্রতি সংহতি জানাচ্ছি। আপনারা যেসব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, সেগুলো থেকে আমরা অনুপ্রেরণা ও শিক্ষা নিচ্ছি।’ বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের সম্মিলিতভাবে অধিকার আদায়ের পথ দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলনে শুভেচ্ছা জানিয়ে নেহা বলেন, ‘আপনাদের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বিপ্লবী শুভেচ্ছা জানাই। আপনাদের প্রতি আমাদের লাল সালাম। আমরা জানি, এ দেশে সর্বত্র যে জেন-জি আন্দোলন দেখতে পাচ্ছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন।’

নেহা বলেন, ভারতের তরুণেরাও গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বিভিন্ন আন্দোলনে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের সংগ্রামের মধ্যে মিল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থী এবং অধিকারকর্মীরা একসঙ্গে কাজ করে আরও ভালো দক্ষিণ এশিয়া ও বিশ্ব গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন এআইএসএ-এর এই নেত্রী।

ভারতে বিক্ষোভের মধ্যে একাধিকবার আটক নেহা বাংলাদেশের আন্দোলনের প্রশংসা করা নেহা বোরা সম্প্রতি ভারতেও ছাত্র আন্দোলনে সক্রিয় রয়েছেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে ২ থেকে ১১ অক্টোবরের মধ্যে দিল্লি পুলিশ তাকে একাধিকবার আটক করে। পরে প্রতিবারই তাকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *