মালয়েশিয়ার কুয়ানতানে পূর্ব উপকূল মহাসড়ক এলাকায় একটি মাল্টিপারপাস গাড়ি (এমপিভি) রাস্তা থেকে ছিটকে পড়ায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট, ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিলোমিটার ২০০.৮ এ এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাড়িচালক মো. সাব্বের হাসান (৩০), এবং যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) এবং মানিরাম চন্দ্র বস (৪০)। আহতদের কুয়ানতানে তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে বাংলাদেশিসহ আটক ১৭১
কুয়ানতানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, টয়োটা অ্যাভানজা গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে। তিনি আরও জানান, গাড়িচালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল।
এ ঘটনায় রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭-এর ধারা ৪১(১) এর অধীনে তদন্ত চলছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































