লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে ৯০০ গ্রেপ্তার-newsedge24

যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক বিক্ষোভ থেকে ৮৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনের সমর্থনে বিক্ষোভ করছিলেন। বারবার অনুরোধ সত্ত্বেও তারা সরে না যাওয়ায় গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) লন্ডনের রাস্তায় ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার মানুষ জড়ো হন। এই বিক্ষোভ থেকে ৮৯০ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৮৫৭ জনকে নিষিদ্ধ সংগঠনের সমর্থন দেওয়ার অভিযোগে এবং ৩৩ জনকে পুলিশের ওপর হামলাসহ অন্যান্য অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকের বয়স ৬০ বছরের বেশি, যাদের মধ্যে পাদ্রি, যুদ্ধবিদ্ধস্ত প্রবীণ এবং হলোকাস্টের বংশধররাও রয়েছেন।

গত জুলাইয়ে যুক্তরাজ্য সরকার ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে। সরকারের অভিযোগ, এই সংগঠনের সদস্যরা রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে সামরিক বিমানের ক্ষতি করেছিল। এই ঘটনার পর সংগঠনটির সদস্যপদ গ্রহণ বা সমর্থন দেওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।

প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধে ব্রিটিশ সরকারের জড়িত থাকার বিরোধিতা করে। লন্ডনে বিক্ষোভকারীরা “আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশন সমর্থন করি” লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। তবে, মানবাধিকার সংগঠনগুলো এই নিষেধাজ্ঞাকে অসামঞ্জস্যপূর্ণ এবং মুক্তভাবে মতপ্রকাশের অধিকারের ওপর হুমকি বলে সমালোচনা করেছে।

আরও পড়ুন: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর ক্রমেই বাড়ছে

বিক্ষোভটি ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামে একটি গ্রুপ আয়োজন করে, যারা দাবি করেছে যে প্রায় ১,৫০০ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছিল। তারা বলছে, এই গ্রেপ্তারগুলো শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত কঠোর ব্যবস্থা। প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা হুদা আম্মোরি এই নিষেধাজ্ঞাকে নাগরিক স্বাধীনতার জন্য “বিপর্যয়কর” বলে অভিহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *