অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনা-newsedge24

ভারতের অন্ধ্রপ্রদেশে কুর্নুলে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে নেপথ্যে নতুন তথ্য উঠে এসেছে। বাইকের সঙ্গে ধাক্কা লাগার পর বেঙ্গালুরুগামী বাসটিতে আগুন লাগলেও, স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণ আগুনকে দ্রুত ছড়িয়ে দিয়েছে। তদন্তকারীরা জানান, বাসে ২৩৪টি নতুন স্মার্টফোনের চালান ছিল, যার মূল্য ৪৬ লাখ টাকা। এই ফোনগুলোর লিথিয়াম-আয়ন ব্যাটারি বিস্ফোরিত হওয়ায় আগুনের তীব্রতা বেড়ে ১৯-২০ জন যাত্রী নিহত হন। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, হায়দ্রাবাদের ব্যবসায়ী মঙ্গনাথের পার্সেল হিসেবে বেঙ্গালুরুর একটি ই-কমার্স কোম্পানির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল রিয়েলমি ব্র্যান্ডের এই ২৩৪টি ফোন। বাসের লাগেজ কম্পার্টমেন্টে রাখা ফোনগুলোতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ব্যাটারি বিস্ফোরণ ঘটে, যা আগুনকে আরও তীব্র করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফোনে আগুন লাগার সাথে সাথে বিস্ফোরণের শব্দ শুনতে পান।

অন্ধ্রপ্রদেশ ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাপরিচালক পি. ভেঙ্কটরমন বলেন, “স্মার্টফোনের বিস্ফোরণের পাশাপাশি বাসের এয়ার কন্ডিশনিং সিস্টেমের বৈদ্যুতিক ব্যাটারিগুলোও ফেটে যায়। তাপ এতটাই তীব্র ছিল যে, বাসের মেঝেতে থাকা অ্যালুমিনিয়ামের সিট গলে গিয়েছিল। আমরা গলিত অ্যালুমিনিয়ামের মধ্যে মানব হাড় এবং ছাই দেখেছি, যা ভয়াবহ প্রাণহানির ইঙ্গিত দেয়।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, যাত্রীবাহী বাসটি ন্যাশনাল হাইওয়ে ৪৪-এ চিন্নাতেকুর গ্রামের কাছে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। বাইকের জ্বালানি ট্যাঙ্ক থেকে পেট্রোল লিক হয়ে আগুন ধরে, যা বাসের নিচে আটকে যাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের নির্মাণে লোহার পরিবর্তে হালকা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে কিন্তু জরুরি অবস্থায় ক্ষতিকর প্রমাণিত হয়েছে। বাসে ৪৪ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২৭ জন উদ্ধার হন কিন্তু ৬ জন আহত। নিহতদের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ৬ জন, কর্ণাটক ও তামিলনাড়ু থেকে ২-২ জন এবং ওড়িশা ও বিহার থেকে ১-১ জন রয়েছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দ্রুত অ্যাকশন সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আসতে ১০-১৫ মিনিট লাগে। পুলিশ দুই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, যাতে অতিরিক্ত গতি ও অবহেলার অভিযোগ রয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার পরিবহন, সড়ক ও রাজস্ব বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে তদন্তের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *