মধ্য আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ রুবায়ার একটি কোলটান খনিতে ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গৃহযুদ্ধ কবলিত কঙ্গোর রুবায়া প্রদেশের নিয়ন্ত্রণে রয়েছে বিদ্রোহী গোষ্ঠী। তাদের নিযুক্ত মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানিয়েছেন, প্রায় অর্ধশতাধিক লোককে ধসে পড়া খনি থেকে উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে আরও অনেক মানুষ চাপা পড়ে আছেন। বুধবার এই ধসের ঘটনা ঘটলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুবায়ার এই কোলটান খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান উৎপাদিত হয়। এই কোলটান প্রক্রিয়াজাত করে তাপসহনশীল ধাতু ট্যান্টালাম তৈরি করা হয়। মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান সংশ্লিষ্ট যন্ত্রাংশ ও গ্যাস টারবাইন নির্মাতাদের কাছে ব্যাপক চাহিদা রয়েছে এই খনিজের।
আরও পড়ুন: প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার অভিযোগ স্বীকার ইসরায়েলের
স্থানীয় বাসিন্দারা দিনের বেলা কয়েক ডলারের বিনিময়ে হাতে খননকাজ করেন এই খনিতে। ওই খনিটি ২০২৪ সাল থেকে দেশটির এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
কঙ্গোর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে এবং খনিজ সম্পদ নিয়ে সংঘাত অব্যাহত। এই অঞ্চলে প্রায়ই খনি ধস, বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































