যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনকে ঘিরে সদ্য প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত দাবি উঠেছে। তবে ভারত সরকার এসব দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছে এবং এগুলোকে ‘ভিত্তিহীন ও রুচিহীন কল্পনা’ বলে উল্লেখ করেছে।
‘এপস্টেইন ফাইলস’ নামে প্রকাশিত নথির একটি ই-মেইলে দাবি করা হয়েছে, ২০১৭ সালে ইসরায়েল সফরের আগে নাকি মোদি এপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন। ওই ই-মেইলে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে মোদি ইসরায়েলে গিয়ে নেচেছেন ও গেয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এপস্টেইনের একটি পুরোনো ই-মেইলের সূত্র ধরে ভারতীয় কিছু গণমাধ্যম বিষয়টি প্রকাশ করেছে। ই-মেইলে এপস্টেইন নিজেই এসব দাবি করেন, যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “২০১৭ সালে মোদির ইসরায়েল সফর একটি ঐতিহাসিক ঘটনা—এটি সত্য। তবে ই-মেইলে থাকা বাকি মন্তব্যগুলো একজন দণ্ডিত অপরাধীর ‘ভিত্তিহীন ও রুচিহীন কল্পনা’ ছাড়া কিছু নয়। এসব দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা উচিত।” এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করেনি।
২০১৭ সালের জুলাইয়ে নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। এটি ছিল ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। সে সময় ভারত ও ইসরায়েল তাদের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি উদযাপন করছিল।
আরও পড়ুন: এপস্টেইন ফাইল: বিতর্কের মুখে ট্রাম্পের ছবি পুনঃস্থাপন
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নির্দেশে ২০২৫ সালের নভেম্বরে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ করা হয়। এতে লাখ লাখ নথি, ভিডিও ও ছবি অন্তর্ভুক্ত রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিকভাবে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































