মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে মজুত থাকা ‘মাঝারি ও মাঝারির থেকে কিছুটা উন্নত’ মানের সামরিক রসদ দিয়েই ‘চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া’ সম্ভব। তিনি লিখেছেন, “আমাদের কাছে এই অস্ত্রের প্রায় অসীম মজুত আছে। যুক্তরাষ্ট্র অস্ত্রে সমৃদ্ধ এবং বড় বিজয় নিশ্চিত করতে প্রস্তুত আছে।”
ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মাঝরাতে এই পোস্টে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের সমালোচনা করে বলেন, বাইডেন ইউক্রেনকে ‘অত্যধিক পরিমাণে অত্যাধুনিক মার্কিন অস্ত্র’ সরবরাহ করে ফেলেছেন। ট্রাম্পের ভাষায়, “বাইডেন আমাদের সেরা অস্ত্রগুলো ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে, যা আমাদের নিজেদের জন্য রাখা উচিত ছিল। কিন্তু আমাদের মাঝারি মানের অস্ত্রের মজুত এত বিপুল যে, তা দিয়েই আমরা যেকোনো যুদ্ধ অসীমকাল চালাতে পারি।”
পেন্টাগনের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত বিশ্বের সবচেয়ে বড় হলেও ইউক্রেন যুদ্ধে জেভেলিন, স্টিঙ্গার, হিমার্স, অ্যাটাকামস, প্যাট্রিয়ট ও অন্যান্য উচ্চমানের অস্ত্রের ব্যাপক সরবরাহের কারণে কিছু ক্যাটাগরিতে মজুত কমেছে। ট্রাম্পের ‘মাঝারি মানের অস্ত্র’ বলতে সম্ভবত ট্যাঙ্ক-বিরোধী মিসাইল, আর্টিলারি শেল, ড্রোন, ছোট অস্ত্র ও সাধারণ যুদ্ধবিমানের কথা বোঝানো হয়েছে—যেগুলো ইরানের মতো প্রচলিত যুদ্ধে কার্যকর।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































