ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণার পর সোমবার তাঁর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জ্বালানি, অভিবাসন এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পরিচালনায় স্টারমার নিজেকে ক্ষতিগ্রস্ত করেছেন।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মনে হয় তিনি একজন চমৎকার মানুষ। কিন্তু তিনি জ্বালানি নীতিতে ভুল করেছেন। নর্থ সি’র তেল সম্পদ ব্যবহারের পরিবর্তে চারদিকে উইন্ডমিল বসিয়েছেন।”
ট্রাম্প আরও বলেন, ব্রিটেন তার জ্বালানির বড় অংশ নরওয়ে থেকে কেনে, যা আসলে নর্থ সি থেকে উত্তোলিত। ব্রিটেনেরও সেখানে অধিকার রয়েছে, কিন্তু পরিবেশগত কারণে তারা সেটি ব্যবহার করতে চায় না।
ট্রাম্প আগে নিজের ট্রুথ সোশ্যালে স্টারমারের পতনের পূর্বাভাস দিয়েছিলেন। তিনি বলেন, স্টারমার ‘কিছুটা আমার বন্ধু’ হলেও ন্যাটো এবং ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সমর্থন দেননি। ইরানে হামলার জন্য সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে স্টারমার অনেক দেরি করেছিলেন বলেও অভিযোগ করেন ট্রাম্প।
স্টারমার সোমবার লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় নির্বাচনে ভয়াবহ পরাজয় এবং দলীয় এমপিদের চাপের মুখে তাঁর এই সিদ্ধান্ত নিতে হয়।
আরও পড়ুন: কেন পদত্যাগ করলেন স্টারমার?
লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা ও গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যামকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি দায়িত্ব নিলে গত এক দশকে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হবেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































