ভেনেজুয়েলা-ভূমিকম্প-01028-NewsEdge24

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং উদ্ধারকর্মী-নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ২৩৫ জন নিহত এবং ৪,৩০০ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই উত্তর উপকূলীয় অঞ্চল লা গুইরায়। ধ্বংসস্তূপের নিচে বিপুল সংখ্যক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

স্থানীয় সময় বুধবার বিকেলে রাজধানী কারাকাস থেকে ১৬০ কিলোমিটার দূরে ইয়ারাকুই রাজ্যের সান ফেলিপের কাছে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর তীব্রতা ছিল ৭.২। মাত্র ৪০ সেকেন্ড পর একই এলাকায় ৭.৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল ছিল ইউমারে শহরের ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

ইউএসজিএসের তথ্য অনুসারে, এটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। পরপর দুটি ভূমিকম্পের পর রাতভর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, নিহতের সংখ্যা ১৮৮ এবং আহত ১,৫২০ জনে দাঁড়িয়েছে। প্রায় ২০০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন এবং ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

উদ্ধার তৎপরতা চলছে বলে জানানো হলেও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে উদ্ধারকাজ অত্যন্ত ধীরগতির। নিখোঁজদের সন্ধানে বিরোধী নেতাদের উদ্যোগে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে ইতোমধ্যে ৩৯ হাজারের বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *