মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প অভিযোগ করেন, ওবামা ‘কিছুই না করে’ নোবেল পেয়েছেন এবং ‘দেশটিকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন।’
ট্রাম্প বলেন, ওবামা কোনো কাজ না করেই নোবেল পুরস্কার পেয়ে গেছেন। শুধুমাত্র আমাদের দেশকে ধ্বংস করার জন্য তিনি এই সম্মান পেয়েছেন।
২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাসের মাথায় ওবামাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সে সময় এই সিদ্ধান্তে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। নিউইয়র্ক টাইমস তাদের সম্পাদকীয়তে লিখেছিল, ওবামাকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে নোবেল কমিটির মানদণ্ড আরও কঠোর হওয়া উচিত ছিল।
নোবেল পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেন, আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, এমন কিছু আগে কখনো ঘটেনি। কিন্তু নোবেল কমিটি যা সিদ্ধান্ত নেবে, তাই হবে। আমি এই পুরস্কারের জন্য কাজ করিনি, আমি মানুষের জীবন বাঁচাতে কাজ করেছি।
ট্রাম্প দাবি করেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং আটটি যুদ্ধ বন্ধে তাঁর অবদান ওবামার তুলনায় কোনোভাবেই কম নয়।
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআইও) ওপর চাপ বাড়িয়েছেন, যারা নোবেল কমিটিকে প্রার্থী মূল্যায়নে সহায়তা করে।
ওয়াশিংটনভিত্তিক সূত্র জানায়, ট্রাম্প বারবার নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সাফল্যের কৃতিত্ব দাবি করছেন, যদিও এর অনেকগুলোই অতিরঞ্জিত বা বিতর্কিত।
যদিও কিছু সংঘাতে অস্থায়ী যুদ্ধবিরতি আনতে ট্রাম্প প্রশাসন ভূমিকা রেখেছে, তবে তিনি যেসব যুদ্ধের অবসান দাবি করছেন, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
গত মাসে জাতিসংঘে দেওয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেন, তিনি সাতটি ‘অপ্রতিরোধ্য’ যুদ্ধের অবসান ঘটিয়েছেন, যা বিশ্লেষকদের মতে তাঁর আত্মপ্রচারণার একটি অংশ।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































