নেপালের গণতান্ত্রিক সংকট-কেপি শর্মা ওলি-newsedge4

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত বছর সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দ্য গার্ডিয়ান, আনাদোলু এজেন্সিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আজ শনিবার সকালে রাজধানী কাঠমাণ্ডুর উপকণ্ঠে নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কাঠমাণ্ডু ভ্যালির পুলিশের মুখপাত্র ওম অধিকারী এএফপিকে বলেন, “তাদের আজ সকালেই গ্রেপ্তার করা হয়েছে, আইন অনুযায়ী প্রক্রিয়া এগিয়ে যাবে।”

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং নিহত ও আহতদের জন্য ন্যায়বিচারের সূচনা মাত্র।”

২০২৫ সালে নেপালে দুর্নীতিবিরোধী এক ভয়াবহ ছাত্র-যুব বিদ্রোহ শুরু হয়, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ওই সময় বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে অন্তত ৭৭ জন নিহত হন। জেন-জিদের তুমুল বিক্ষোভের মুখে ৭৪ বছর বয়সী কে পি শর্মা অলি পদত্যাগে বাধ্য হন এবং তার সরকারের পতন ঘটে।

সরকার গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী অলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছিলেন। তারা গুলি চালানো বন্ধ বা নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করেননি। তাদের অবহেলার কারণেই এত বড় প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করা হয়। কমিশন তাদের বিরুদ্ধে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের সুপারিশ করেছে।

আরও পড়ুন: র‍্যাপের মঞ্চ থেকে নেপালের রাষ্ট্রক্ষমতায় বালেন্দ্র শাহ

আন্দোলনের পর গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া জনপ্রিয় নেতা বলেন্দ্র শাহ গতকাল শুক্রবার নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণের মাত্র একদিন পরেই এই বড় ধরনের গ্রেপ্তার অভিযান চালানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *