পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ভারতের মুসলিম ধর্মীয় স্থাপনা নিয়ে করা মন্তব্যকে সম্পূর্ণ অবান্তর, ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত রাজনৈতিক আক্রমণ বলে কড়া প্রত্যাখ্যান করেছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তানের প্রেসিডেন্টে জারদারির এই অপ্রয়োজনীয় ও অবান্তর মন্তব্য আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো আইনি বা নৈতিক অবস্থান পাকিস্তানের নেই।”
জয়সওয়াল আরও বলেন, পাকিস্তানের নিজস্ব মানবাধিকার রেকর্ড অত্যন্ত খারাপ। সেখানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু ও আহমদিয়াদের বিরুদ্ধে নিয়মিত সহিংসতা ও নির্যাতন চলছে। ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতা ও বৈষম্যমূলক আইনের কারণে সংখ্যালঘুরা লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও উল্লেখ করেছে।
তিনি বলেন, “এই বাস্তবতায় জারদারির মন্তব্যকে শুধুমাত্র একটি রাজনৈতিক আক্রমণ হিসেবেই দেখা যেতে পারে, যা পাকিস্তানের বিদ্বেষ ও অসহিষ্ণুতার রাষ্ট্রীয় নীতির প্রতিফলন।”
আরও পড়ুন:
ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে জোরপূর্বক বহিষ্কার করেছে: এইচআরডব্লিউ
এই প্রতিক্রিয়া আসে জারদারির এক্স (সাবেক টুইটার) পোস্টের পর। তিনি বারাণসীর ঐতিহাসিক গঞ্জ শহীদা মসজিদসহ (জ্ঞানবাপী মসজিদ) অন্যান্য মুসলিম ধর্মীয় স্থাপনা ভাঙার হুমকির অভিযোগ তুলেছিলেন।
ভারত বারবার পাকিস্তানকে সতর্ক করে বলেছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে এবং এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































