যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তার প্রতিপক্ষদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। ধারণা করা হচ্ছে, মামদানির জয়ের মাধ্যমে নিউইয়র্ক প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পেতে যাচ্ছে, যা শহরের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হবে।
এই নির্বাচনকে যুক্তরাষ্ট্রের ২০২৫ সালের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মামদানি সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, সার্বজনীন চাইল্ড কেয়ার সুবিধা এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফের মতো উদারপন্থী প্রতিশ্রুতি দিয়ে শহরের প্রগ্রেসিভ ভোটারদের আকৃষ্ট করছেন। এই প্রতিশ্রুতিগুলো তাকে তরুণ ও কম আয়ের ভোটারদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে।
তবে, মামদানির বিরুদ্ধে তীব্র বিরোধিতা গড়ে উঠেছে। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও ইহুদি ধর্মগুরুরা (র্যাবাই) তাকে ভোট না দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করছেন। একটি চিঠির মাধ্যমে বিভিন্ন শহরের র্যাবাইরা মামদানির বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করছেন। এছাড়া, তাঁর প্রধান প্রতিপক্ষ, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, মামদানিকে ‘ইসলামপন্থী’ আখ্যা দিয়ে এবং তাঁর প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে অবাস্তব বলে সমালোচনা করেছেন।
আগাম ভোটের এই অভূতপূর্ব অংশগ্রহণ নির্বাচনের ফলাফলকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। মামদানির জয় শুধু নিউইয়র্কের নয়, জাতীয় রাজনীতিতেও নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































