ডনাল্ড-ট্রাম্প-newsedge24

আগামী বুধবারের মধ্যে বাণিজ্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে আমেরিকার প থেকে। রবিবার মার্কিন রাজস্বসচিব স্কট বেসান্ত সিএনএন-এর সঙ্গে আলাপকালে এমনটাই ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে ঘোষিত পারস্পরিক শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন, যার মেয়াদ আগামী বুধবার শেষ হচ্ছে। বেসান্ত জানিয়েছেন, এই সময়সীমার মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।

আমেরিকা ইতিমধ্যে চিন, ব্রিটেন এবং ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে। চিনের সঙ্গে চুক্তির মাধ্যমে আমেরিকা চিনা থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক ১৪৫% থেকে কমিয়ে ৩০% করেছে, এবং চিন আমেরিকান পণ্যের উপর শুল্ক ১২৫% থেকে ১০% করেছে। ভিয়েতনামের পণ্যের উপর ২০% শুল্ক ধার্য করা হয়েছে, এবং চিনা পণ্য ভিয়েতনামের মাধ্যমে আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ব্রিটেনের সঙ্গে চুক্তিতে গাড়ির শুল্ক ২৭.৫% থেকে ১০% করা হয়েছে, এবং স্টিল ও অ্যালুমিনিয়ামের শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি বিষয়ে বাংলাদেশের আলোচনা অব্যাহত

ভারতের সঙ্গে বাণিজ্যিক আলোচনা এখনও চলছে। গত শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ভারত কোনও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সই করতে বাধ্য নয়। তবে সূত্রের খবর, আলোচনা শেষ পর্যায়ে থাকলেও কিছু বিষয়ে দুই দেশ এখনও একমত হতে পারেনি। ভারতের পণ্যের উপর ২৬% শুল্ক আরোপের ঘোষণা করা হয়েছিল গত ২ এপ্রিল, যা পরে ১০% বেসলাইন শুল্কে নামিয়ে আনা হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা বাণিজ্য আলোচনার জন্য আমেরিকায় পৌঁছেছেন। তবে দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর ২৫% শুল্ক এখনও বহাল রয়েছে, যা আলোচনার মাধ্যমে কমানোর চেষ্টা চলছে। জাপানের সঙ্গেও আলোচনা চলছে, তবে তারা সমস্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে, যা ট্রাম্প প্রশাসন মানতে নারাজ।

বেসান্ত জানিয়েছেন, প্রায় ১০০টি দেশকে চিঠি পাঠানো হবে, যেখানে তাদের মার্কিন পণ্যের উপর শুল্ক কমানোর কথা বলা হবে। সময়সীমার মধ্যে এটি না মানলে ১ অগস্ট থেকে পূর্বঘোষিত উচ্চ শুল্ক (২ এপ্রিলের হার অনুযায়ী) পুনরায় আরোপ করা হবে। তবে এই হুমকি বড় বাণিজ্যিক অংশীদারদের জন্য নয়, বরং ছোট রাষ্ট্রগুলির জন্য, যাদের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক সীমিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *