ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম শুরুতে তিন শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৭৯ ডলার ছাড়িয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সপ্তাহের প্রথম লেনদেনের দিনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। মার্কিন হামলার পর থেকেই তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বাজারে দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছিল। এদিকে, এশিয়ার শেয়ারবাজারগুলো শীঘ্রই খুলবে এবং সেখানেও অস্থিরতা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধের আলোচনাও বাজারে প্রভাব ফেলেছে। বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে, তেলের দাম আরও বাড়বে এবং চীন, ভারত ও জাপানের মতো বড় আমদানিকারক দেশগুলো চরম ক্ষতিগ্রস্ত হবে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































