পবিত্র হজ-আরাফাত দিবস-newsedge24

পবিত্র হজের মূল দিন, মহান আরাফাত দিবস। লাখো হজযাত্রী সাদা ইহরামের দু’টুকরো কাপড়ে পবিত্র মিনা থেকে তালবিয়া পাঠ করতে করতে আরাফাতের ময়দানে ছুটে যাচ্ছেন। তাদের সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হচ্ছে—‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক’। অর্থাৎ, ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ এই পবিত্র ময়দানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি ধরে রেখে বিশ্বের মুসলিমরা আরাফাতে সমবেত হন।

আজ হজযাত্রীরা আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন। পবিত্র নামিরা মসজিদ থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। তিনি মুসলিমদের মধ্যে ঐক্যের আহ্বান জানাতে পারেন। সূর্যাস্ত পর্যন্ত হজযাত্রীরা এখানে অবস্থান করবেন, তারপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশে। এদিন বিশ্বজুড়ে অনেক মুসলিম রোজা পালন করেন।

গতকাল হজযাত্রীরা পবিত্র কাবা থেকে ইহরাম বেঁধে মিনার তাঁবুর শহরে সমবেত হয়ে ইবাদতে কাটিয়েছেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা লাব্বাইক ধ্বনিতে আরাফাতের পথে রওনা দেন। সাদা ইহরামে হজযাত্রীদের স্রোত পুরো সড়ক ও আরাফাতের ময়দানকে সফেদ সমুদ্রে পরিণত করেছে। সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী তাওফিক আল রাবিয়া সোমবার জানিয়েছেন, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে কমপক্ষে ১০ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, যাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় হজযাত্রীরা।

এ বছর আরাফাত দিবস পালিত হচ্ছে ৫ জুন, বৃহস্পতিবার। এই দিনটিকেই হজের মূল দিন হিসেবে গণ্য করা হয়। পরদিন, ৬ জুন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। গত বছর প্রায় ১৮ লাখ হজযাত্রী হজ পালন করেছিলেন। তবে ২০২৪ সালে তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় কমপক্ষে ১৩০০ হজযাত্রী মারা যান। এবারও গ্রীষ্মকালে হজ হওয়ায় তাপমাত্রা চরমে পৌঁছতে পারে। তবুও হজযাত্রীদের ইবাদতের উৎসাহ অটুট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *