মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে মার্কিন পণ্য বর্জনের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকরা। এই পদক্ষেপ ভারত-মার্কিন সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে, এবং ভারতীয় ব্যবসায়ী ও জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পণ্যের জন্য ভারত একটি বৃহৎ বাজার, যেখানে মেটার হোয়াটসঅ্যাপ, পেপসি, কোকা-কোলা, অ্যাপল এবং স্টারবাকসের মতো ব্র্যান্ডগুলো ব্যাপক জনপ্রিয়।
ট্রাম্প গত ৬ আগস্ট ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর তা দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেন, যা ভারতের রাশিয়ার তেল আমদানির সঙ্গে সম্পর্কিত। এই পদক্ষেপ ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা এবং দুই দেশের সম্পর্কের অবনতি ঘটিয়েছে। প্রতিক্রিয়ায় মোদির সমর্থক ও ভারতীয় ব্যবসায়ীরা মার্কিন ব্র্যান্ড যেমন ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন এবং অ্যাপল বর্জনের আহ্বান জানিয়েছেন। তবে, এখন পর্যন্ত এই বর্জনের ফলে মার্কিন পণ্য বিক্রি হ্রাসের কোনো তাৎক্ষণিক প্রমাণ পাওয়া যায়নি।
ভারতের ‘ওয়াও স্কিন সায়েন্স’ কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা মনিষ চৌধুরী লিংকডইনে একটি ভিডিও বার্তায় বলেন, “আমরা হাজার মাইল দূর থেকে পণ্য কিনছি, বিদেশী ব্র্যান্ডে অর্থ ব্যয় করছি, অথচ আমাদের নিজেদের উৎপাদকরা নিজ দেশে স্বীকৃতির জন্য লড়াই করছেন।” তিনি ভারতীয় কৃষক ও স্টার্টআপগুলোকে সমর্থন দিয়ে ‘মেড ইন ইন্ডিয়া’কে বিশ্বব্যাপী জনপ্রিয় করার আহ্বান জানান।
আরও পড়ুন: ভারতে ওয়ালমার্ট এবং অ্যামাজনের মতো ব্রান্ডের অর্ডার স্থগিত
একইভাবে, ভারতীয় কোম্পানি ‘ড্রাইভইউ’র প্রধান নির্বাহী রাম শাস্ত্রী বলেন, “চীনের মতো ভারতেরও নিজস্ব গুগল, টুইটার, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক তৈরি করা উচিত।” তিনি উল্লেখ করেন, স্থানীয় কোম্পানিগুলো দেশীয় বাজারে বিদেশী ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করলেও, বিশ্ববাজারে এটি একটি চ্যালেঞ্জ।
রোববার বেঙ্গালুরুতে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বের জন্য পণ্য তৈরি করছে, তবে এখন ভারতের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার সময়।” তিনি কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি। এদিকে, মোদির দল বিজেপির সঙ্গে যুক্ত স্বদেশী জাগরণ মঞ্চ রোববার ভারতজুড়ে মার্কিন পণ্য বর্জনের জন্য ছোট ছোট সমাবেশ করে। দলটির সহ-আহ্বায়ক অশ্বীন মহাজন বলেন, “মানুষ এখন ভারতীয় পণ্যের দিকে মনোযোগ দিচ্ছে। এটি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আহ্বান।” তিনি হোয়াটসঅ্যাপে ভারতীয় সাবান, টুথপেস্ট ও কোমল পানীয়ের ব্র্যান্ডের তালিকা ছড়িয়ে দিয়েছেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































