ভারত-পাকিস্তানের আনুষ্ঠানিক যোগাযোগ-newsedge24

গত মে মাসের সংঘাতের পর প্রথমবারের মতো ভারত ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকালে সিন্ধু নদীর পানিচুক্তির আওতায় এই যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৪ আগস্ট ২০২৫) ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাকিস্তান সরকারের কাছে একটি সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়। বার্তায় বলা হয়, জম্মুর তাওই নদীতে ভারী বৃষ্টিপাতের কারণে পানিপ্রবাহ বেড়েছে, যা পাকিস্তানের নিচু অঞ্চলে বন্যার আশঙ্কা সৃষ্টি করেছে। এই বার্তা সিন্ধু নদীর পানিচুক্তির আওতায় দেওয়া হয়েছে, যদিও চুক্তিটি গত এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর স্থগিত রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বন্যায় ৬৫৭ নিহত

ভারতের এই সতর্কবার্তার পর পাকিস্তান সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। নিচু এলাকা ও নদী-সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

গত এপ্রিলে পহেলগামে জঙ্গি হামলার পর ভারত সিন্ধু নদীর পানিচুক্তি স্থগিত করে, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এই ঘটনার পর থেকে নিয়মিত তথ্য আদান-প্রদান বন্ধ ছিল। তবে এই সতর্কবার্তার মাধ্যমে প্রায় তিন মাস পর দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *