কাতার-পররাষ্ট্র মন্ত্রণালয়-মুখপাত্র-মাজেদ আল-আনসারি-010129-NewsEdge24

হরমুজ প্রণালির চলমান সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে কাতার। একই সঙ্গে কৌশলগত এ জলপথ দ্রুত পুনরায় চালু করা এবং অঞ্চলে সামরিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছে দোহা।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টায় যুক্ত কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া। তিনি জানান, কাতারের দুটি প্রধান অগ্রাধিকার রয়েছে—প্রথমত, প্রণালিটি উন্মুক্ত রাখা এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ কমানো; দ্বিতীয়ত, অঞ্চলে কোনো ধরনের সামরিক উত্তেজনা যেন বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করা।

সংকটকে সমাধান না করে দীর্ঘায়িত করার বিপদ সম্পর্কেও সতর্ক করেন আল-আনসারি। তিনি বলেন, কয়েক মাস পর আবার সংঘাত শুরু হতে পারে—এমন পরিস্থিতি তৈরি করতে চান না তারা। সংঘাতকে স্থবির অবস্থায় রেখে ভবিষ্যতে ফিরে আসার সুযোগ তৈরি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর জবাবের হুশিয়ারি

যুদ্ধের হাতিয়ার হিসেবে কোনো জলপথ ব্যবহারের প্রবণতাকে বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে আল-আনসারি বলেন, এ ধরনের পদক্ষেপকে স্বাভাবিক করে তোলার সামর্থ্য বিশ্বের নেই। এটি অন্য অঞ্চলেও অনুসরণ করা হতে পারে, যার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। তাই শুরুতেই এ প্রবণতা থামানো জরুরি। কোনো দেশের এভাবে জলপথ বন্ধ করে দেওয়াকে যুদ্ধের নতুন স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে নেওয়া যায় না বলেও জোর দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *