ইরান-যুক্তরাষ্ট্র-newsedge24

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে ইরান। শর্ত সাপেক্ষে দুই দেশই এই যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে এ সম্মতি দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ইরানের ১০ দফা প্রস্তাব সামনে এসেছে। আগামী ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় ইরান এই ১০ দফার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে।

ইরানের মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। বিবৃতিতে এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে অভিহিত করা হয়েছে। এতে আরও বলা হয়, এই দুই সপ্তাহের সাময়িক বিরতির পর একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:  ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ রূপরেখা দিল পাকিস্তান

পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সূত্র জানিয়েছে, পাকিস্তান এই প্রস্তাবের একটি বিস্তারিত রূপরেখা তৈরি করে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। প্রস্তাবে দুই ধাপের প্রক্রিয়ার কথা বলা হয়েছে—প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বিতীয় ধাপে স্থায়ী শান্তি চুক্তি।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত চলমান থাকায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হলে আঞ্চলিক উত্তেজনা অনেকাংশে কমতে পারে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়ে উঠতে পারে।

1 comment on “ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *