ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টিতে বড় ধরনের বিদ্রোহ দেখা দিয়েছে। স্থানীয় নির্বাচনে দলের ভয়াবহ পরাজয়ের পর প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগ দাবি করেছেন দলের অন্তত ৪০ জন এমপি। আজ সোমবার স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ দিন হতে পারে বলে মনে করা হচ্ছে। তার ঘনিষ্ঠ মিত্র ও সাবেক মন্ত্রী জশ সিমন্সসহ অনেকেই প্রকাশ্যে তার পদত্যাগ দাবি করেছেন।
জশ সিমন্স বলেন, প্রধানমন্ত্রী জনপ্রিয়তা হারিয়েছেন। দলের ৪০ জনেরও বেশি এমপি এখন তার বিরুদ্ধে একজোট। অন্যদিকে স্টারমার বলেছেন, তিনি আরও আট বছর ১০ ডাউনিং স্ট্রিটে থাকতে চান এবং সব চ্যালেঞ্জ মোকাবিলা করবেন।
উপ-প্রধানমন্ত্রী অ্যানজেলা রেইনার প্রকাশ্যে স্টারমারের নেতৃত্বের সমালোচনা করে দলকে আরও বামঘেঁষা অবস্থানে নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের ঘনিষ্ঠরাও নেতৃত্বের দৌড়ে আগ্রহ দেখাচ্ছেন। এছাড়া সাবেক নেতা এড মিলিব্যান্ড ও এমপি ক্যাথরিন ওয়েস্টের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
স্থানীয় নির্বাচনে লেবার প্রায় ১৫০০ কাউন্সিলর পদ হারিয়েছে এবং ওয়েলসের নিয়ন্ত্রণও হারিয়েছে। এই পরাজয় দলের অভ্যন্তরীণ ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে।
আজ স্টারমার গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, যা তার নেতৃত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা বলে মনে করা হচ্ছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































