করাচিতে সন্ত্রাসী হামলা-01040-NewsEdge24

পাকিস্তানের করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় ‘ভারতীয় প্রক্সি’ জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। গত সপ্তাহে করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছে জামাত-উল-আহরার। হামলায় তিনজন নিরাপত্তা সদস্য ও তিনজন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলায় ‘ভারতীয় প্রক্সি’ জড়িত বলে দাবি করলেও কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের ভূখণ্ডে থাকা সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া এবং সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা থেকে বেরিয়ে আসা।”

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, হামলার জবাবে পূর্ব আফগানিস্তানে রাতভর বিমান হামলা চালানো হয়েছে। পাকতিয়া, পাকতিকা ও কুনারে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। এতে ২৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়।

জামাত-উল-আহরার জানিয়েছে, হামলায় নয়জন হামলাকারী অংশ নেয়। একটি বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে রেঞ্জার্স সদর দপ্তরে আঘাত করা হয়। পরে দীর্ঘ গোলাগুলিতে তিনজন সন্ত্রাসী নিহত এবং একজন আফগান নাগরিককে জীবিত আটক করা হয়।

সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলা বেড়েছে। পাকিস্তান বারবার আফগানিস্তানকে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *