Netanyahu-নেতানিয়াহু-newsedge24

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সরকারের নির্দেশ পেলেই অভিযান শুরু করা হবে।

মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ কথা বলেন। তিনি দাবি করেন, ইসরায়েল ইতোমধ্যে দু’দফা অভিযান চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি থেকে সৃষ্ট বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করেছে। পরিস্থিতি প্রয়োজন হলে তৃতীয়বারও হামলা চালাতে ইসরায়েল দ্বিধা করবে না এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আইএইএ জানায়, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। এই বিশুদ্ধতা ৯০ শতাংশে পৌঁছালে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন সম্ভব বলে সংস্থাটি মনে করে।

এর কয়েকদিন পর ১১ জুন রাতে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। টানা ১২ দিন চলা এ অভিযানে ইরানের পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরে অভিযান বন্ধ হয়।

এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করে। তবে দু’দিন পর যুক্তরাষ্ট্র নিজস্ব কৌশলগত সিদ্ধান্তে ইসরায়েলকে অভিযান থেকে সরিয়ে নেয়।

আরও পড়ুন: সংঘাত বন্ধে আলোচনায় বসতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

নেতানিয়াহুর সর্বশেষ মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং ‘ইসলামাবাদ চুক্তি’র আওতায় স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে নেতানিয়াহু আগেই স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সতর্ক করে নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, “বিবি, কথাবার্তায় সতর্ক থাকুন, না হলে খুব শিগগিরই নিজেকে একা অবস্থায় দেখতে হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *