নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৫৯ জনে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বন্যার পর এখনো ৯১০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, নেপাল সেনাবাহিনীর ৪৪ জন এবং নেপাল পুলিশের ২৮ জন সদস্য রয়েছেন। এখন পর্যন্ত নেপাল পুলিশ ৩৫৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে, আর এই সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানানো হয়েছে।
তিব্বত সীমান্তসংলগ্ন নেপালের বিভিন্ন এলাকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যার পর দেশজুড়ে চলছে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য পুলিশ, সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর মোট ৯ হাজার ২৬০ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
এদিকে বন্যার ফলে চীন-নেপাল সীমান্তে নতুন একটি হ্রদ সৃষ্টি হয়েছে, যেখানে দ্রুতগতিতে পানি জমছে। এতে হ্রদটির তীর ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় আধুনিক মডেলিং প্রযুক্তি ব্যবহার করে হ্রদে জমে থাকা পানির পরিমাণ নিরূপণ করেছে। তাদের হিসাব অনুযায়ী, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে হ্রদের তীর ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































