চীন সম্প্রতি বিরল খনিজ ও চুম্বকের রপ্তানির ওপর কড়াকড়ি আরোপ করেছে, যা বিশ্বব্যাপী প্রযুক্তি ও শিল্প খাতে উদ্বেগ সৃষ্টি করেছে। চলতি বছরের এপ্রিলে চীন বেশ কিছু বিরল খনিজ পণ্য ও চুম্বককে রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে চুম্বক সরবরাহের দাবি জানিয়ে বলেছেন, এ দাবি না মানলে চীনা পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “চীনের যুক্তরাষ্ট্রকে চুম্বক দিতে হবে। তারা যদি চুম্বক না দেয়, তবে আমাদের তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক বা এমন কিছু আরোপ করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, বিমানের যন্ত্রাংশে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ চীনের বিরল খনিজ নিয়ন্ত্রণের বিরুদ্ধে একটি কৌশল হিসেবে ব্যবহার করা যেতে পারে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চীন বৈশ্বিক বিরল খনিজ চুম্বকের বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। এই উপাদানগুলো সেমিকন্ডাক্টর চিপ, বৈদ্যুতিক যান, বায়ু টারবাইন, প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্মার্টফোনের মতো গুরুত্বপূর্ণ পণ্য উৎপাদনে অপরিহার্য। চীন গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে সাতটি বিরল খনিজ (স্যামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, লুটেসিয়াম, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম) এবং চুম্বকের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে।
আরও পড়ুন: ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করলেন জয়শঙ্কর
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা চলছে। গত মে মাসে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছে শুল্ক হার কমিয়েছিল—যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ৩০ শতাংশ এবং চীন আমেরিকান পণ্যে ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করে। সম্প্রতি ট্রাম্প এক নির্বাহী আদেশে শুল্ক কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়িয়েছেন, যা আলোচনার সুযোগ তৈরি করেছে। এই সমঝোতা আগামী নভেম্বরে মেয়াদোত্তীর্ণ হবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হি ইয়াডং জানিয়েছেন, বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ জাতীয় নিরাপত্তা ও দ্বৈত-ব্যবহারের (বেসামরিক ও সামরিক) প্রয়োজনের ভিত্তিতে আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয় বলে দাবি করেছে চীন।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































