যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ার প্রেক্ষিতে ব্যবসায়িক ভ্রমণ সহজতর করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার ওয়াশিংটন ডি.সি.-তে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। ড. খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যে বর্ধিত বাণিজ্যের ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই দিন তিনি সহকারী মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি অর্থায়নের সুযোগ, শুল্ক কমানো, বাণিজ্য ঘাটতি হ্রাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত সমাধানে উভয় পক্ষ একমত হয় এবং অ্যাম্বাসেডর গ্রিয়ার সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার ড. খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন: গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নয়: ইউরোপীয় নেতারা বললেন, ‘দ্বীপটি তার জনগণের’
যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































