ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে।
রয়টার্স শনিবার ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
গত কয়েক মাস ধরে চলা ইরান-ইসরায়েল ছায়াযুদ্ধ আজ সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। শনিবার সকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় আকারের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের খবর আসছে।
ইরানের পক্ষ থেকে জবাবে ‘শত্রুপক্ষের’ বিরুদ্ধে বড় আকারে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। ইতোমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল (গোলান হাইটস, গ্যালিলি) এবং কয়েকটি উপসাগরীয় আরব দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
দক্ষিণ ইরানের মিনাব কাউন্টিতে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই হামলায় ৫১ জন শিক্ষার্থী নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছে। মিনাব কাউন্টির গভর্নর নিশ্চিত করেছেন যে সকালে স্কুল ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
আরও পড়ুন: ইরান ইসরাইলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে
ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই বড় ধরনের হামলার “কঠোর জবাব” দেওয়া হবে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিশোধমূলক হামলা ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরও তীব্রতর হবে।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, এই অভিযান “প্রতিরোধমূলক” এবং ইরানের সামরিক ও নিউক্লিয়ার সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে চালানো হচ্ছে। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সারাদেশে সাইরেন বাজানো হচ্ছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































