ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বৃহস্পতিবার সকালে উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত হানার দাবি করেছে। একই সঙ্গে তারা ঘোষণা করেছে—যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না।
আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, “যদি তাদের দেখা যায়, তবে নিশ্চিতভাবেই তাদের ওপর হামলা করা হবে।” বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “আমরা আগেও বলেছি যে—আন্তর্জাতিক আইন ও প্রস্তাবসমূহের ভিত্তিতে, যুদ্ধের সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার থাকবে।”
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই বিবৃতির খবর প্রকাশ করেছে। হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর একটি—প্রতিদিন এখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। ইরানের এই ঘোষণা তেলের দাম ও আঞ্চলিক নিরাপত্তার ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































