অস্ত্র বিক্রি-অনুমোদন-যুক্তরাষ্ট্র-newsedge24

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলকে জরুরি ভিত্তিতে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন ঘোষণা করেছে। এতে ১২ হাজার বিএলইউ-১১০এ/বি (BLU-110A/B) সাধারণ উদ্দেশ্যের ১,০০০ পাউন্ড ওজনের বোমার কেসিংসহ লজিস্টিক, প্রযুক্তিগত ও ইঞ্জিনিয়ারিং সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। খবর মিডল ইস্ট আই, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল বিবৃতির।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি বিশেষ জরুরি প্রক্রিয়া গ্রহণ করে কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই এই বিক্রির অনুমোদন দিয়েছেন। আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টের অধীনে এই জরুরি ক্ষমতা ব্যবহার করে তিনি বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে ‘জরুরি অবস্থা’ বিদ্যমান, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ইসরায়েলকে এই অস্ত্র সরবরাহ করা জরুরি। এটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রতি এ ধরনের প্রথম আনুষ্ঠানিক জরুরি ঘোষণা।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘পুরো বিশ্বের জন্য সেবা’ দাবি ট্রাম্পের

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এই বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন করবে এবং অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের নিরাপত্তা জোরদার করবে। প্রধান ঠিকাদার হিসেবে টেক্সাসের গারল্যান্ডে অবস্থিত রেপকন ইউএসএ (তুর্কি কোম্পানি রেপকনের মার্কিন শাখা) উল্লেখ করা হয়েছে। কিছু অংশ মার্কিন স্টক থেকে স্থানান্তরিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *