আব্বাস আরাঘচি-abbas araghchi-newsedge24

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার জন্য ইরান ইসলামাবাদে যেতে ইচ্ছুক নয়—এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরানের অবস্থান যেকোনো আলোচনার শর্তাবলীর ওপর নির্ভরশীল।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় আরাঘচি বলেন, “মার্কিন গণমাধ্যম ইরানের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে। আমরা পাকিস্তানের প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞ এবং ইসলামাবাদে যেতে কখনো অস্বীকৃতি জানাইনি। আমাদের উপর চাপিয়ে দেয়া এই অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্তাবলীই আমাদের কাছে মুখ্য।”

ফার্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র গত বুধবার (১ এপ্রিল) একটি বন্ধুপ্রতিম দেশের মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল। ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই এর পাল্টা জবাব দিয়েছে।

আরাঘচির বক্তব্যের জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স-এ লিখেছেন, “স্পষ্ট করার জন্য ধন্যবাদ প্রিয় ভাই আমার।”

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা আলোচনায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আরাঘচির সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। শনিবার কূটনৈতিক তদবির অব্যাহত ছিল। ইসহাক দার মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন। সরকারি ভাষ্যমতে, আলোচনায় আঞ্চলিক ঘটনাবলী, উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তা এবং সংলাপের প্রতি সমর্থন বিষয়গুলো প্রাধান্য পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *